সম্পর্ক মানেই প্রতিশ্রুতি, অঙ্গীকার, বিশ্বাস। এই প্রতিশ্রতিগুলোই আমাদের সম্পর্ককে সুন্দর করে তোলে। দুজন সারাজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি, কখনো প্রতারণা না করার প্রতিশ্রুতি; এমন আরও কত কী! কিন্তু ভাত খাওয়া নিয়ে কোনো প্রতিশ্রুতির কথা শুনেছেন কি?
এমনই ব্যতিক্রম উদাহরণ তৈরি করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। জানালেন, তার স্বামী রাকিব সরকার তাকে ছাড়া কখনোই ভাত খাবেন না!
রাকিবের সঙ্গে তোলা কয়েকটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন সোশ্যাল অ্যাকাউন্টে। সেটার ক্যাপশনেই মাহি প্রতিশ্রুতি বিষয়টি জানিয়েছেন। লিখেছেন, ‘সে প্রতিশ্রুতি দিয়েছে, এবং সে তার প্রতিশ্রুতি কখনো ভাঙে না। আমাকে ছাড়া ভাত খাওয়া যাবে না। তাই তো রাকিব সরকার?’
মাহির এই পোস্টের নিচে মন্তব্য করেছেন রাকিবও। লিখেছেন, ‘আমি কখনোই আমার প্রতিশ্রুতি ভঙ্গ করব না এবং এটাও প্রতিশ্রুতির একটি অংশ। যদিও প্রতিশ্রুতিদাতা সবসময় ভেঙে ফেলে তার…’।
স্বামীর মন্তব্যে ভালোবাসা জানিয়ে প্রতিউত্তরে মাহিয়া মাহি লেখেন, ‘আমার ভালোবাসা নাও স্বামী’।
মাহি ও তার স্বামীর এই মিষ্টি-মধুর খুনসুটি হরহামেশাই দেখা যায়। কিছুদিন আগেই স্বামীকে বাহুবলীর সঙ্গে তুলনা করেন নায়িকা। তার মতে, বাহুবলীর মতো রাকিব তাকে সর্বদা আগলে রাখবেন।
উল্লেখ্য, নায়িকা মাহিয়া মাহি যেন এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে ভালোবাসার মমার্থ উপলব্ধি করতে শিখেছেন। গত বছর সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন তিনি। এরপর গত ১৩ সেপ্টেম্বর আরেক ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি।
বিয়ের পর নিজের নামের সঙ্গেও স্বামীর নাম জুড়ে দিয়েছেন এই নায়িকা। ফেসবুকে নিজের নাম মাহিয়া মাহি থেকে বদলে মাহিয়া সরকার মাহি হয়ে গেছেন তিনি।
