এবার নতুন চমক নিয়ে আসছেন মৌসুমী

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা মৌসুমী। ভক্তরা ভালোবেসে তাকে প্রিয়দর্শিনীও বলে থাকেন। জনপ্রিয় এই নায়িকা গত জানুয়ারিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে পেয়েছেন বিজয়ও।

নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা এখনো চলমান। তবে বিজয় ছিনিয়ে নিয়ে মৌসুমী ফিরেছেন কাজে। এরই মধ্যে অংশ নিয়েছেন শুটিংয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের জন্য লাইট-ক্যামেরা-অ্যাকশনে নায়িকা।

জানা গেছে, বিজ্ঞাপনটি আরএফএল গ্যাস স্টোভের। রাজধানীর একটি স্টুডিওতে হয়েছে এর চিত্রায়ন। নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মাণ করেছেন শাফায়াত হোসেন শাওন। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’-এমন স্লোগানে আইডিয়া বক্সের পরিকল্পনায় নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে মৌসুমী বলেন,‘ বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলেই দর্শকের জন্য চমক থাকছে।’

নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন,‘ একেবারেই ভিন্নধর্মী একটি কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকের বেশ ভালো লাগবে।’

জানা গেছে, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

এদিকে তিনটি সিনেমার শুটিং ও ডাবিং-এর কাজ শেষ করেছেন মৌসুমী। সিনেমাগুলো হচ্ছে সরকারি অনুদানের মির্জা সাখাওয়াৎ হোসেনের ‘ভাঙ্গন’, আশুতোষ সুজনের ‘দেশান্তর’ ও জাহিদ হোসেনের ‘সোনার চর’।

শিগগিরই আরো দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন মৌসুমী। একটি ‘ছিটমহল’ ও অন্যটি ‘কানাগলি’। জাহিদ হোসেনের পরিচালনায় সিনেমা দুটিতে মৌসুমী’র সঙ্গে ওমর সানী থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *