এবার নিপুণের বিরুদ্ধে জায়েদ খানের মামলা

আদালতের নির্দেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের চেয়ারে বসার অভিযোগে অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ আবেদন করা হয়। আগামী রোববার এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম।

জায়েদ খানের আইনজীবী বলেন, ‘প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে জায়েদ খান আদালত অবমাননার মামলা করেছেন।’

এদিকে, বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা এবং জায়েদ খানের প্রার্থিতা বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামী সোমবার দুপুর ২টায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

গতকাল বুধবার জায়েদ খানের পক্ষে আংশিক শুনানি করা হলে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু, আজ আর শুনানি হয়নি। পরবর্তী শুনানির জন্য আগামি সোমবার দুপুর ২টায় সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *