চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচ আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ১টায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শাহরাস্তি মডেল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ৪৩-৩৭২১) নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের ইউপি সদস্য সিদ্দিকুর রহমান খোকনের ছেলে মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. আ. খালেকের ছেলে নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের বাবুল হোসেনের ছেলে মো. সাগর হোসেন (২৪)।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজনের বরাত দিয়ে তিনি বলেন, ‘তারা সবাই একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে চাঁদপুরের চাটখিলে ফিরছিলেন।’
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। গাড়িটি পানিতে পড়ায় ভেতরের কেউ বের হতে পারেনি। গাড়ির কাঁচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও কেউ বেঁচে ছিল না।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
