প্রথমবারের মতো বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। যিনি কিনা আবার ওপার বাংলার অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাতের স্বামী। তবে এই সিনেমায় ঢাকার নুসরাতের প্রেমিক হিসেবে দেখা যাবে তাকে।
সিনেমাটির নাম ‘রকস্টার’। গত ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ।
প্রথম দিনের শুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই কাজ করেছিলেন যশ। পরদিনই হাজির হন নুসরাত ফারিয়া। এবার প্রকাশ্যে এলো এই সিনেমায় দুজনের প্রেমের দৃশ্য। যেখানে ‘রকিং’ পোশাকে হাজির বাংলাদেশি অভিনেত্রী।
নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাটি থ্রিলার ঘরানার হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি। পর্দায় যা ফুটিয়ে তুলব আমি আর যশ। সেভাবেই শুটিং হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’
তিনি জানান, ভারতের বিভিন্ন লোকেশনে ‘রকস্টার’র শুটিং হবে। প্রযোজনায় রয়েছেন বাংলাদেশি প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে অভিষেক হওয়ার পর নুসরাত ফারিয়া কাজ করেছেন ‘হিরো ৪২০’, ‘বাদশা—দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’র মতো সিনেমায়। টালিগঞ্জের ‘বিবাহ অভিযান’ও দেখা গেছে তাকে। এবার তিনি হাজির হচ্ছেন যশের বিপরীতে ‘রকস্টার’ নিয়ে।
