মধ্যরাতে রাস্তায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন মিথিলা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২১ ফেব্রুয়ারি) শ্রদ্ধাভরে জাতি স্মরণ করেছে ভাষা শহীদদের।

এবারের একুশে ফেব্রুয়ারিতে দেশে নেই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’র শুটিংয়ের কাজে তিনি বর্তমানে রয়েছেন ভারতে।

তবে এদিন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলে যাননি এই তারকা। শুটিং শেষে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজতেই আবেগি হয়ে পড়েন তিনি। যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, তাদের স্মরণ করতেই মিথিলার দু’চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে, কাঁদেন অঝোরে।

‘মন্টু পাইলট’ সিরিজে মিথিলার বিপরীতে আছেন সৌরভ দাস। এই অভিনেতা তার ফেসবুক অ্যাকাউন্টে সে সময়কার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ওয়েব সিরিজটির শুটিং শেষে মিথিলাসহ সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। পাশেই বাজতে শুরু করে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’। গানটি বাজানোর কিছুক্ষণের মধ্যে মিথিলা আবেগি হয়ে পড়ে অঝোরে কাঁদতে শুরু করেন। এরপর তাকে বুকে টেনে নিয়ে তার সহকর্মীরা সান্ত্বনা দিতে থাকেন।

ভিডিওটির ক্যাপশনে সৌরভ লেখেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে গাই গান। সারারাত শুটিংয়ের শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ থেকে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। অমর একুশ, ভাষা দিবস। ’

মিথিলা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে লেখেন, ‘একুশের ভোরে মাতৃভাষার প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।’

দেবালয় ভট্টাচার্য নির্মিত ‘মন্টু পাইলট’ সিরিজে মিথিলার বিপরীতে অভিনয় করছেন সৌরভ দাস। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটের বিভিন্ন মনোরম পরিবেশে শুরু হয়েছে সিরিজটির শুটিং। এর আগে প্রথম সিজনেই বেশ জনপ্রিয়তা পায় এ সিরিজটি। এখন চলছে সিরিজটির দ্বিতীয় সিজন। এতে বাংলাদেশ খেকে অভিনয় করছেন মিথিলা। শুটিং শেষ হলে খুব শিগগিরই মুক্তি পাবে এ সিরিজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *