নিপুণ তাঁর কর্মকাণ্ডের জন্য গালি খাচ্ছেন: জায়েদ খান

অর্থ ও লোক দিয়ে ফেসবুকে ফেক আইডি খুলে নিপুণের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন চিত্রনায়ক জায়েদ খান।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, শিল্পীদের আর কত নিচে নামাবেন নিপুণ। তিনি শিল্পী হয়ে কীভাবে অন্য শিল্পীদের ব্যাপারে বাজে অভিযোগ তোলেন, মনগড়া অভিযোগ করেন। নির্বাচিত না হয়েও তিনি যে পরিমাণ উগ্র, নির্বাচিত হলে কী করতেন, তা–ই ভাবছি।

জায়েদ খান বলেন, এখন তাঁর (নিপুণ) একমাত্র কাজ যেখানেই হোক খামোখা জায়েদ খানকে টেনে আনতে হবে। আমার এত সময় নেই যে নিপুণের মতো ফেসবুক-ইউটিউব নিয়ে মেতে থাকব। বরং কেউ কেউ আমার পেজ রিপোর্ট করে বন্ধ করে দিয়েছে।

গত রোববার বিকেলে নবনির্বাচিত সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইমনের শপথ অনুষ্ঠানে নিপুণ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হঠাৎ এক সপ্তাহ ধরে কয়েকটি ইউটিউব চ্যানেল, কয়েকটি ফেসবুক আইডি থেকে নানাভাবে তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে। গালমন্দ, আজেবাজে মন্তব্য করা হচ্ছে। এসব ফেক আইডি ও আইডি থেকে মন্তব্যকারীদের টাকাপয়সা সরবরাহ করে এই অপপ্রচার চালাচ্ছেন জায়েদ খান ও জয় চৌধুরী।

গতকালই এগুলো সহকর্মী জয় চৌধুরীর কাছে শুনেছেন জায়েদ খান। জায়েদ খান বলেন, ‘এগুলো মিথ্যা অপপ্রচার। নিপুণ সব সময় আলোচনায় থাকতে চান। নির্বাচনে হেরে তিনি প্রতিমুহূর্তে দৃষ্টি ঘোরাতে চাইছেন। প্রথম ফলাফল মানলেন না। এটা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি করলেন। আমাকে নিয়ে ভুয়া তথ্য বিকৃতি করলেন, যাকে বলে তথ্যসন্ত্রাস। পরে আর সেগুলো নিয়ে কথা বললেন না।

একবার মুনমুনের বিরুদ্ধে অভিযোগ আনলেন, কয়দিন আগে জিডি করলেন। এসব তাঁর আলোচনায় থাকার কৌশল। দেখে আমি চুপচাপ তারপরও তিনি এটা-সেটা বলেই যাচ্ছেন। এসবের মধ্যে তিনি নিজেকে ও শিল্পীদের আরও ছোট করছেন। আমার এমন কোনো দরকার নেই তাঁর বিরুদ্ধে লোক লাগিয়ে দেব। এই ধরনের কাজ যাঁরা করেন, তাঁদের মাথায় এসব চিন্তা ঘোরে।’

জায়েদ বলেন, আমি নির্বাচিত হয়েছি বলেই আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন। কিন্তু কঠিন সত্য হচ্ছে নিপুণ তাঁর কর্মকাণ্ডের জন্য টাকা না দিয়েই ফেসবুক–ইউটিউবে গালি খাচ্ছেন। মানুষ এসব পছন্দ করেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *