আমরা ভীত নই: ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া আনুষ্ঠানিকভাবে পূর্ব ইউক্রেনের রুশ অধ্যুষিত দুটি অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পূর্ব ইউক্রেনে ‘শান্তি বজায় রাখতে’ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। এ ছাড়া দেশটি ইতোমধ্যে দুই লাখ সেনা দিয়ে কার্যত ইউক্রেনকে ঘিরে ফেলেছে। বেলারুশেও রেখেছে সেনা মোতায়েন।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, দুই অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার ভোরে দেওয়া ভাষণে তিনি বলেন রাশিয়ার নেওয়া পদক্ষেপে ইউক্রেনের মর্যাদা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভীত নই।’

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বক্তব্য যাই হোক না কেন ইউক্রেনের আন্তর্জাতিক সীমানা একই আছে।’ তিনি বলেন, রুশ পদক্ষেপের কারণে শান্তির উদ্যোগ এবং আন্তর্জাতিক আলোচনার বর্তমান প্রক্রিয়া নস্যাৎ হবে।

জেলেনস্কি বলেন, ইউক্রেন শান্তি চায় আর রাজনৈতিক এ কূটনৈতিক সমাধানকে সমর্থন করে। তিনি বলেন, ‘আমরা ভীত নই।’

তিনি জানান তার দেশ আন্তর্জাতিক সহযোগীদের কাছ থেকে স্পষ্ট ও কার্যকর পদক্ষেপের অপেক্ষা করছে।

ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেন, ইউক্রেন কাউকে কোনও কিছু ছেড়ে দেবে না।

উল্লেখ্য, পাশ্চাত্যের হুঁশিয়ারিতে কান না দিয়ে সোমবার পূর্ব ইউক্রেনের রুশ-সমর্থিত দুই অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্কের স্বাধীনতাকে স্বীকৃতি দেন পুতিন। এতে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা অনেকটা বেড়ে গেল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকেও বিষয়টি অবহিত করেন জেলেনস্কি। তার অভিযোগ, মিনস্ক চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে রাশিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *