অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খালিক মিয়ার পরিবারের উপর হামলা হয়। ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে ওই মহিলা সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপরও হামলা করে দুর্বৃত্তরা।
এলাকায় হামলার শিকার হয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে সন্ত্রাসীরা হাসপাতালে এসেও হামলা চালায়। এ হামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কামরুল হোসেন আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, হাসপাতাল চিকিৎসা নেওয়ার জায়গা সেখানে সন্ত্রাসী হামলা মোটেও কাম্য নয়।
তিনি জানান, সন্ত্রাসীদের হামলায় কামরুল নামে আমাদের একজন স্টাফ আহত হয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ এর জন্য মামলা প্রক্রিয়াধীন।
