ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শহরে কোথাও পুলিশের অনুমতি না পেয়ে শনিবার সকাল ১১টায় উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকায় সম্মেলনের আয়োজন করে বিএনপি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান শিরিন। দপদপিয়া এলাকায় সম্মেলনের খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।
নলছিটি উপজেলা বিএনপির আহবায়ক আনিসুর রহমান খান হেলাল জানান, শনিবার সকালে নলছিটি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের জন্য শহরের থানা সড়ক এলাকায় নির্ধারিত স্থান ছিল। কিন্তু পুলিশ শহরের কোথাও সম্মেলন করার অনুমতি দেয়নি। পরে দপদপিয়া ইউনিয়ন কলেজ এলাকার একটি বাড়ির উঠানে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়।
সেখানে বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনহ ইউনিয়ন ও পৌরসভার সভার ওয়ার্ডের সভাপতি সম্পাদকরা উপস্থিত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে ব্যানার ছিনিয়ে নেয়। লাঠি নিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে। পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বিএনপির সম্মেলন। পরে বরিশাল শহরের টাউন হল এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে নলছিটি উপজেলা ও শহর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন করতে না দেওয়ায় সরকার ও পুলিশের সমালোচনা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। তিনি বলেন, শহর থেকে গ্রামে এসে একটি শান্তিপূর্ন সম্মেলন করতে চেয়েছি তাতেও বাধা দিচ্ছে পুলিশ। সরকার পুলিশ দিয়ে বিএনপিকে দমন নিপিড়ন করার চেষ্টা করছে। বিএনপি রাজপথের দল, সরকারকে রাজপথেই মোকাবেলা করবে।
