ঢাকাই সিনেমার কালজয়ী নায়িকাদের একজন রোজিনা। সত্তরের দশকের মাঝামাঝি সময়ে পার্শ্ব অভিনেত্রী হিসেবে শুরু করেন কাজ। পরবর্তীতে নায়িকা হিসেবে খ্যাতি পান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই নায়িকা এবার কাজ করলেন মিউজিক ভিডিওতে।
গানের নাম ‘এ মন তোমাকে দিলাম’। এটি মূলত ‘মানসী’ সিনেমার গান। যেটিতে অভিনয় করেছিলেন রোজিনা ও ওয়াসিম। সিনেমাটি পরিচালনা করেছিলেন ফখরুল হাসান বৈরাগী। সাদাকালো যুগের সিনেমা হলেও এর গানটি এখনো সমান জনপ্রিয়।
এই গান লিখেছেন কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছিলেন আনোয়ার পারভেজ। এতে কণ্ঠ দেন দেশের সিনেমার অবিস্মরণীয় শিল্পী সাবিনা ইয়াসমিন।
কালজয়ী সেই গানের পুননির্মাণ করা হয়েছে। নির্মাণ করেছেন কোরিওগ্রাফার এডলফ খান। তার ডিজাইন করা শাড়ি পরে ভিডিওতে অভিনয় করেছেন রোজিনা।
নায়িকা রোজিনাকে নিয়ে মিউজিক ভিডিও প্রসঙ্গে এডলফ খান বলেন, ‘আজ থেকে ঠিক তিন মাস আগে সুদূর আমেরিকা থেকে উনার কল পেয়ে আমি অবাক এবং আবেগাপ্লুত হয়ে যাই। এরপর থেকে শুরু একটা সুন্দর কাজের পরিকল্পনা। কারণ এত বড় নায়িকার সাথে কাজ করাটা আমার জন্য আনন্দের, একই সাথে চ্যালেঞ্জিং।’
এ কাজটি প্রসঙ্গে তিনি বলেন, ‘কোরিওগ্রাফি থেকে ডিরেকশন- একটু একটু করে স্বপ্নের পথে হেঁটেছি আমি। এখানে রোজিনা আপুর অভিনয়, এক্সপ্রেশন,অদম্য উৎসাহ আর সহযোগিতা- কাজটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। আশা করি, সম্পূর্ণ কাজটি সবার ভীষণ ভালো লাগবে।
যার হাতের ছোঁয়ায় কাজটি অন্যরকম সুন্দর সাজে রূপ নিয়েছে সে আমার খুব আদরের ছোট ভাই ইশমাম নিলয়। ফটোগ্রাফিতে ছিলেন আনোয়ার হোসেন এনাম। ভিডিওচিত্র ধারণে ছিলেন আল-আমিন রূপ এবং তার টিম।’
রোজিনা বলেন, “আমার ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা ‘মানসী’। এ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ গানটি খুবই জনপ্রিয়। নতুন করে গানটি নিয়ে কাজ করতে পেরে ভালো লাগছে।”
নির্মাতা এডলফ বলেন, শিগগির গানটি প্রকাশ পাবে।
