বিয়ের পর প্রথমবার বসন্ত ও ভালোবাসা দিবসে মাতেন ঢাকাই সিনেমার নতুন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি।
তবে শরিফুল রাজ চিত্রনায়িকা পরীমনিকে বিয়ে করবেন, এটা স্বপ্নেও চিন্তা করেননি। পরীমনিও কখনো ভাবেননি যে রাজকে বিয়ে করবেন। তবে রাজকে শুটিংয়ে দেখার পর নাকি মনে হয়েছে, একে বিয়ে করা যায়।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রথম আলোর আয়োজনে ‘সিবিএল মাঞ্চি চাংকি চক ভালোবাসার দিনে ভালোবাসার গল্প সিজন-৪’ অনুষ্ঠানে এসব গল্প শুনিয়েছেন রাজ ও পরীমনি।
মুমতাহিনা টয়ার উপস্থাপনায় এ অনুষ্ঠানে পরীমনি বলেন, ‘রাজের সঙ্গে দেখা হওয়ার পর মনে হয়েছে, তার রাজ্যে তো রানি হওয়াই যায়। আমিই প্রথম রাজকে প্রেমের প্রপোজ করেছি।’ পরীমনির সহজ-সরল স্বীকার উক্তি।
প্রেমের প্রস্তাবের পর বেশি দিন প্রেম করার সুযোগ পাননি রাজ ও পরী। কিছুদিনের মধ্যে বিয়ে করে ফেলেন তাঁরা। ‘আসলে আমাদের বিয়ে করা ছাড়া কোনো উপায় ছিল না। একসঙ্গে সারা জীবন থাকার জন্যই আমরা বিয়ে করে ফেলি।’ এমনটাই বললেন পরীমনি।
শরিফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় চার হাত এক হয়। বিয়ের পরে নিজেদের বন্ধু নয়, স্বামী-স্ত্রী ভাবতেই ভালো লাগে পরীমনির।
বলেন, ‘আমরা বিয়ের আগেও কখনো বন্ধু ছিলাম না। আমাদের ঘটা করে বন্ধুত্ব করা হয়নি। বন্ধুরা যেমন সময় কাটায়, সেভাবে সময়ও কাটানো হয়নি।’ তবে শরিফুল রাজ বলেন, ‘এখন আমরা বন্ধুর মতো সময় কাটাচ্ছি।’
