মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীন্দর পঞ্চায়েতবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে একটি ট্রাক সাগরদিঘি যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সাগরদিঘি থেকে চারজন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা মধুপুর যাওয়ার পথে ওই ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।
