রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ২ যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে দ্রুতগামী কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান। নিহতরা হলেন, মীরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়ীয়া গ্রামের সফিউল আলমের ছেলে শামসুদ্দীন দিদার (৫০) এবং একই ইউনিয়নের ইছামতি গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান (৬০)। নিহতরা লেগুনার যাত্রী বলে জানা গেছে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিপ্লব শাহ জানান, মহাসড়কের নিজামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি যাত্রীবাহী লেগুনাকে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে এক পথচারীসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার ও শাহজাহান মারা যান। আহত ৪ জন চমেকে চিকিৎসাধীন রয়েছেন।
