এসএম আসলাম তালুকদার মান্না। সিনেমা প্রেমী মানুষের কাছে মান্না নামেই পরিচিত। বাংলা চলচ্চিত্রের পর্দাকাঁপানো এই নায়ক হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে চলচ্চিত্র পাড়ায় নেমে আসে শোকের ছাঁয়া। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিদের ভাষ্যমতে এই নায়কের মৃত্যুকে যে ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির তা আজও পূরণ হয়নি।
দেখতে দেখতে মান্নার প্রয়াণের ১৪ বছর হয়ে গেছে। এই দিনে তাকে স্মরণ করেছেন দর্শক ও সিনেমা অঙ্গনের শিল্পীরা। বাদ যাননি সুদূর অস্ট্রেলিয়ায় বসবাসকারী নায়িকা শাবনূর। তিনিও প্রিয় সহকর্মীকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন।
মান্নার সঙ্গে তোলা ছবি পোস্ট করে ফেসবুকে শাবনূর লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের উজ্বল নক্ষত্র, আমার অতি প্রিয় সহকর্মী মহানায়ক মান্না ভাইয়ের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এই মহান ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি।’
১৭ ফেব্রুয়ারি খ্যাতিমান চলচ্চিত্রকার এহতেশাম হকেরও মৃত্যুবার্ষিকী। তার হাত ধরে ঢালিউডে অনেক নায়ক-নায়িকা এসেছেন। শাবনূর নিজেও আত্মপ্রকাশ করেছিলেন এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে। এমনকি শাবনূর নামটিও দিয়েছিলেন নন্দিত এই নির্মাতা।
মান্নার সঙ্গে তাকেও স্মরণ করেছেন শাবনূর। তার রূহের মাগফেরাত কামনা করে লিখেছেন, ‘আমার পরম গুরু খ্যাতনামা চলচ্চিত্রকার এহতেশাম হক, যাকে আমি আদর করে দাদু বলে ডাকি, যার হাত ধরে আমার চলচ্চিত্র যাত্রা শুরু, তার ২০তম মৃত্যুবার্ষিকী আজ।’
