ঢাকাই সিনেমার সুপারস্টার মান্নার ১৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন ঢালিউডের এই তারকা।
মান্নার মৃত্যুবার্ষিকীকে তার স্মরণে সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাস শেয়ার করেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। যেখানে এফ আই মানিক পরিচালিত ‘বাপ বেটার লড়াই’ সিনেমার ‘কখনও কি চেয়েছিলে’ গানটি শেয়ার করেছেন তিনি। সামিনা চৌধুরী ও আসিফের গাওয়া এই গানটিতে পর্দায় অভিনয় করেছিলেন মান্না ও পূর্ণিমা।
আসিফ লেখেন, বাংলা সিনেমার সুপারষ্টার মান্না ভাই। আমার সৌভাগ্য জীবনের প্রথম সিনেমায় গাওয়া গানটি মান্না ভাইয়ের লিপে গিয়েছে। ভাইয়ের সঙ্গে অনেক আবেগ ইতিহাস মিশে আছে। একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো নিবেদিত প্রাণ এই জননায়কের সান্নিধ্য পাওয়ার গল্প। মান্না ভাই পর্দার হিরোর চেয়েও মানবতার গল্পের জাঁদরেল সেনাপতি ছিলেন। তিনি আজ নেই, প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা জানাই। একজন মান্না, একটা সীমাহীন গল্পের আসল নায়ক। আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিন, এই দোয়া করি মান্না ভাই।
দেশীয় চলচ্চিত্র বর্তমান সংকট নিয়ে যোগ করে তিনি লিখেন, অভিভাবক না থাকলে যা হয়, সেটা আমরা বর্তমান এফডিসি কেন্দ্রিক ফিল্মি কুচকাওয়াজে দেখেই যাচ্ছি। আপনি শুধু নায়ক নন মান্না ভাই, আপনি পরিশ্রমী নবাগতদের আদর্শ। মানুষের ভালবাসাই আপনাকে বাঁচিয়ে রাখবে বাংলা সিনেমার ইতিহাসে। আপনার বিদেহী আত্মার শান্তি কামনা করি…ভালোবাসা অবিরাম…।
উল্লেখ্য, ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার প্রথম অভিনীত সিনেমা ‘তওবা’ (১৯৮৪)।
মান্না প্রায় সাড়ে তিন শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- সিপাহী, যন্ত্রণা, অমর, পাগলী, দাঙ্গা, ত্রাস, জনতার বাদশা, লাল বাদশা, আম্মাজান, দেশ দরদী, অন্ধ আইন, স্বামী-স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা, মা বাবার স্বপ্ন, হৃদয় থেকে পাওয়া ইত্যাদি।
১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জন্মগ্রহণ করেন মান্না। মৃত্যুর পর তাকে সেখানেই সমাহিত করা হয়।
