Home বিনোদন চেয়ার ছাড়বেন না চিত্রনায়িকা নিপুণ

চেয়ার ছাড়বেন না চিত্রনায়িকা নিপুণ

0
285

নিজেকে শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের বৈধ সাধারণ সম্পাদক দাবি করেছেন নিপুণ। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এফডিসিতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তার আগেই সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন নিপুণ।

সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘সম্প্রতি সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে কিছু কনফিউশন তৈরি হয়েছে। সেই জন্য আজকে যখন আমি আমার আইনজীবীর কাছে গিয়েছিলাম তখন তিনি আমাকে একটা প্রেস কনফারেন্স করে বিষয়টি পরিষ্কার করতে বললেন।’

এরপর নিপুণ আদালতের আদেশের বিভিন্ন কিছু বোঝাতে বলেন, ‘আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপিল বোর্ড নির্বাচিত করেছে। আমি শপথ নিয়ে শিল্পী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে চেয়ারে বসেছি। আমি এই সাধারণ সম্পাদক চেয়ারে বসাকে স্টে করেছে মহামান্য হাইকোর্ট।

‘আমি মহামান্য চেম্বার জজের কাছে আপিল করি। মহামান্য চেম্বার জজ আমার ওপর মহামান্য হাইকোর্ট যে স্টে করেছিল সেটিকে স্টে করেছে এবং স্ট্যাটাস-কো দিয়েছে।’

স্ট্যাটাস-কো এর মানে বোঝানোর জন্য নিপুণ বলেন, ‘স্ট্যাটাস-কো মানে হলো, যে যেখানে আছে, সে সেখানেই থাকবে।’

দুটি অর্ডার হয়েছে উল্লেখ করে নিপুণ বলেন, ‘হাইকোর্টের যে অর্ডার ছিল, সেটি স্টে করা হয়েছে এবং স্ট্যাটাস-কো দিয়েছে। মানে, আমি যে চেয়ারে আছি, আমি সেই চেয়ারেই থাকব। অন্যজন যেখানে আছে সেখানেই থাকবে।’

নিপুণ জানান, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ মহামান্য চেম্বার জজ যে স্টে দিয়েছে তার ফলে সাধারণ সম্পাদক পদে তিনি রয়ে গেছেন।

এদিকে আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদকের পদে বসায় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী অভিনেতা জায়েদ খান।

জায়েদ খানের আইনজীবী মো. আব্দুল কাইয়ুম বুধবার এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে আপিল বিভাগ। তাতে স্পষ্ট উল্লেখ আছে, আপাতত পদটি শূন্য থাকবে। যতদিন না আমার মক্কেলের (জায়েদ খান) করা রুলের নিষ্পত্তি হবে। কিন্তু তার আগেই নিপুণ নিজেকে সাধারণ সম্পাদক দাবি করে কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, যা আদালত অবমাননার শামিল।

নোটিশকারী আইনজীবী আব্দুল কাইয়ুম বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর গত ৯ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালত যে স্থিতিবস্থা জারি করেছিল, নিপুণ আক্তার সে আদেশ ভঙ্গ করেছেন। তিনি গতকাল লাইভে এসে যেভাবে বক্তব্য দিয়েছেন, তা আদালত অবমাননার শামিল। তাই আদালত অবমাননা করে ওই পদে তাকে না বসার বিষয়ে সতর্ক করে নোটিশ দিয়েছি। এরপরও যদি তিনি ওই পদে বসেন তবে আমরা তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করব।’

এর আগেও ১০ ফেব্রুয়ারি অভিনেতা জায়েদ খান অভিযোগ করেছেন, অভিনেত্রী নিপুণ আদালতের আদেশ অমান্য করে চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ারে বসেছেন।

তখন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জায়েদ বলেন, ‘সাধারণ সম্পাদক পদে দায়িত্বে বসা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আদালত। উনি কি এর মানে জানেন না?’

তবে তখন জায়েদের এ অভিযোগ প্রসঙ্গে সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক বলছেন ভিন্ন কথা। সাইমন বলেন, ‘অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে। আসলে উচ্চ আদালত জায়েদ খান ভাইয়ের রিটের রায় স্থগিত করেছেন। ফলে নিপুণ আপু সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যেতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here