Home বিনোদন শপথ নেবেন ডিপজলও, জানালেন নিজেই

শপথ নেবেন ডিপজলও, জানালেন নিজেই

0
274

সদ্য শেষ হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জটিলতা এখনো কাটেনি। এ পরিস্থিতির মধ্যে ৬ ফেব্রুয়ারি কাঞ্চন-নিপুণ প্যানেলের বিজয়ীরা শপথ নিয়েছেন।

এত দিন মিশা–জায়েদ প্যানেলের বিজয়ীরা কেউ শপথ নেননি। তবে আজ বুধবার সন্ধ্যায় এ প্যানেলের কার্যনির্বাহী পরিষদের সদস্য অঞ্জনা সুলতানা শপথ নিলেন। নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি।

শোনা গেছে, অঞ্জনার সঙ্গে বিজয়ী সহসভাপতি ডিপজলও শপথ নেবেন। কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে নাকি আসতে পারেননি।

এ ব্যাপারে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সকাল থেকে শরীরটা খারাপ। এ জন্য যেতে পারলাম না। শরীর ঠিক হলে শপথ নেব। আশা করছি, দু-এক দিনের মধ্যে নিতে পারব।’

এর আগে গতকাল মঙ্গলবার অঞ্জনা জানিয়েছিলেন যে, বুধবার শপথ নেবেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন তিনি।

শপথগ্রহণের পর অঞ্জনা জানান, তিনি তার প্যানেলের অন্যান্যদের সঙ্গে কথা বলেই শপথ নিতে এসেছেন এবং তারা অঞ্জনাকে ওয়েলকাম করেছেন।

অঞ্জনা বলেন, ‘আমি মনে করি, মিশা-জায়েদের প্যানেল থেকে যারা জিতেছেন, তারা অবশ্যই শপথ নিয়ে কাজ শুরু করবেন।’

দশ দিন পর কেন শপথ নিতে আসলেন, জানতে চাইলে অঞ্জনা সাংবাদিকদের বলেন, ‘আমি জয়ী হয়েছি মিশা-জায়েদ প্যানেল থেকে। আমরা অপেক্ষা করেছি এবং ভেবেছি, নিজেদের মধ্যে কথা বলেছি কীভাবে কার্যক্রম করা যায়। একটা পদ নিয়ে কিছু একটা সমস্যা ছিল, কিন্তু যখন দেখলাম বিষয়টা একটা লম্বা প্রক্রিয়ায় ঢুকে গেল, একজন সিনিয়র শিল্পী হিসেবে মনে করলাম যে, যেহেতু আমি ভোটারদের ভোটে জয়ী তাই শপথ নেয়ার চিন্তা করলাম।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here