জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। নাম ‘মাইক’। এটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
সরকারি অনুদানের শিশুতোষ এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফেরদৌস আহমেদ। আরো থাকবেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, তানভিন সুইটিসহ আরও অনেকে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরের পদ্মা লাইফ টাওয়ারে জাগরণ টিভির কার্যালয়ে ‘মাইক’ চলচ্চিত্রটির অভিনেতা ও কলাকুশলীদের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ফেরদৌস বলেন, ‘জাতি হিসেবে আমাদের গৌরবের একটি বিষয় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, আমি এর অংশ হতে পেরে আনন্দিত ও উচ্ছ্বসিত। সেই ঐতিহাসিক ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য ‘মাইক’ সিনেমাটি নির্মিত হচ্ছে।
অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘বঙ্গবন্ধু যেমন ছিলেন দেশপ্রেমিক, তেমনি সাংস্কৃতিক ব্যক্তিত্বও ছিলেন। কবিতা শুনতেন তিনি। সাংস্কৃতিক নানা ক্ষেত্রেও তার পূর্ণ বিচরণ ছিল। সেই মহান মানুষকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি ভেবে নিজেকে গর্বিত মনে করছি।’
উল্লেখ্য, ২০২০-২০২১ অর্থবছরে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ১৫ জুন তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে অনুদানপ্রাপ্ত এসব চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ১৫টি। সেখানে শিশুতোষ ক্যাটাগরিতে এফ এম শাহীনের লেখা ‘মাইক’ চলচ্চিত্রটিও স্থান পায়। সহযোগী প্রযোজক হিসেবে আছেন ডা. ফেরদৌস খন্দকার।
