অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা- বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।

৩৮তম এ বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।

প্রধানমন্ত্রীর বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘বাংলা একাডেমির বইমেলা এবার আমাদের একটু দেরিতে শুরু করতে হলো। প্রস্তুতি ছিল পয়লা ফেব্রুয়ারি শুরু হবে। দুর্ভাগ্যের বিষয় হলো হঠাৎ করে আবার করোনার প্রাদুর্ভাব দেখা দিল। তাছাড়া ওমিক্রন নামে নতুন আরেকটি ভ্যারিয়েন্ট আসাতে এবং সেটা খুব বৃদ্ধি পাচ্ছিল, তাই একটু দেরি করেই শুরু করতে হলো।’

সবার স্বাস্থ্যের কথা, নিরাপত্তার কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে ভাষা আন্দোলনের পটভূমি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা।

তিনি বলেন, ‘এই মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। কোনো কারণে এই মেলাটা হতে না পারলে সবারই মন খারাপ হয়।’

দেশের আন্দোলন সংগ্রামে কবি, সাহিত্যিকদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি এটুকুই বলবো একটি জাতি সবসময় উন্নতি করতে পারে, যদি তার ভাষা সংস্কৃতি উন্নতি হয়। আর আমাদের প্রতিটি আন্দোলন-সংগ্রামের সংস্কৃতিকর্মীদের বিরাট ভূমিকা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *