ইসির সার্চ কমিটির তালিকায় পুলিশের সাবেক ৮ কর্মকর্তা

ঢাকা- নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নিয়োগের জন্য ৩২২ জনের নাম সুপারিশ করা হয়েছে।

তাদের মধ্যে সাবেক মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকসহ এ বাহিনীর সাবেক আটজন কর্মকর্তার নাম রয়েছে। তবে সাবেক দুই কর্মকর্তার নাম দুবার করে এসেছে।

সাবেক আট কর্মকর্তারা হচ্ছেন- সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি মো. হাবিবুর রহমান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার, সাবেক অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মাহাবুব হোসেন, সাবেক ডিআইজি মো. মঞ্জুর কাদের খান।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে বিভিন্ন রাজনৈতিক দল, বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিদের প্রস্তাবিত এই তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার পাওয়া গেছে।

কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয় ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *