Home আলোচিত আইপিএল ইস্যু: নিন্দুকদের এক হাত নিলেন শিশির

আইপিএল ইস্যু: নিন্দুকদের এক হাত নিলেন শিশির

0
267

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। তবু আইপিএল নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। দুইবার নাম তোলার পরেও অবিক্রীত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

আইপিএলে সাকিবের দল না পাওয়া নিয়ে চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ। কারও কারও মতে পুরো আসর খেলতে পারবেন না বিধায় নেওয়া হয়নি সাকিবকে। কেউ আবার বলছেন, গত আসরে প্রত্যাশানুযায়ী খেলতে না পারায় দল পাননি সাকিব। এছাড়াও শোনা যাচ্ছে আরও অনেক কথা।

এর মাঝেই নতুন আলোচনা নিয়ে এলেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে সাকিবের দল না পাওয়ার কারণ উল্লেখ করেছেন তিনি। যেখানে নিন্দুকদেরও এক হাত নিয়েছেন সাকিবপত্নী।

স্ট্যাটাসে শিশির লিখেছেন, ‘খুব বেশি উত্তেজিত হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি, বেশ আগে দুটি দল সরাসরি যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছিল, সাকিব পুরো মৌসুম তাদের হয়ে খেলতে পারবে কি না!’

‘আইপিএলে দল না পাওয়া খুব বড় বিষয় নয়। এবার পায়নি, পরের বছর পাবে। দল পেলে তাকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মিস করতে হতো। তখন কি সবাই একই কথা বলতেন? তাকে বিশ্বাস ঘাতক বানাতেন? আপনাদের উত্তেজনায় জল ঢেলে দেয়ার জন্য দুঃখিত!’

আইপিএলের আসন্ন আসরের জন্য নিলামে সাকিবের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল ২ কোটি রুপি। তবে মেগা নিলামের প্রথম দিন তাকে নিয়ে কোনো আগ্রহই দেখায়নি ফ্র্যঞ্চাইজিগুলো। এমনকি দ্বিতীয় দিনেও তিনি ছিলেন অবিক্রীত।

বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে এবারে আইপিএল খেলবেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here