ঢাকা- গত পাঁচ বছরে দায়িত্ব পালনকালে কোথাও কোথাও ভুলত্রুটি থাকতে পারে উল্লেখ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্পিত দায়িত্ব ও চ্যালেঞ্জ সফলভাবে পালন করেছেন বলে জানিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিদায়ী সংবাদ সম্মেলনে নির্বাচন ভবনের লেক ভিউ চত্বরে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ‘দীর্ঘ পাঁচ বছরে আমরা নির্বাচন কমিশনে ব্যস্ত সময় পার করেছি। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং সেগুলো সফলভাবে অতিক্রম করতে সক্ষম হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রদত্ত দায়িত্বসহ অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করেছি,’ যোগ করেন নূরুল হুদা।
কে এম নূরুল হুদা আরও বলেন, ‘নির্বাচনের যে দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছিল, কঠোর পরিশ্রম করে আমরা সেসব দায়িত্ব সম্পন্ন করেছি। এর মধ্যে কোথাও কোথাও আমাদের ভুলত্রুটি হতে পারে, কোথাও কোথাও কিছুটা ব্যত্যয় হতে পারে। পরিবেশ-পারিপার্শ্বিকতার এবং চলমান… কোথাও কোথাও সহিংস ঘটনা ঘটেছে এবং অনেকের প্রাণহানি ঘটেছে। এসব কিছুর মধ্যেও এ নির্বাচন সম্পন্ন করেছি। বিশেষ করে করোনা মহামারির মধ্যেও আমরা নির্বাচন পরিত্যাগ করিনি, নির্বাচন সম্পন্ন করেছি।’
সিইসি বলেন, আমরা ৬ হাজার ৬৯০টি নির্বাচন করেছি। রুটিনকাজের বাইরেও অনেক কাজ করেছি। আইন সংস্কারের বেশকিছু কাজ করেছি। আরপিও, বাংলায় রূপান্তরসহ অনেকগুলো বিধিমালা করেছি।
তিনি বলেন, ২৪ হাজার ৮৮১ জনকে প্রশিক্ষণ দিয়েছি, বিশেষ করে ইভিএমে। করোনার কারণে সীমানা পুনর্নিধারণ করতে পারিনি।
স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করেছি। ইভিএম বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। অত্যন্ত সফলতার সঙ্গে তা বাস্তবায়ন করতে পেরেছি। এনআইডি সহজীকরণ করা হয়েছে। ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে।
‘আমরা মনে করি, আমাদের ওপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি’ যোগ করেন নূরুল হুদা।
এসময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন ছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন করোনায় আক্রান্ত হওয়ায় তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না। মাহবুব তালুকদার পরে প্রেসবিফ্রিং করবেন বলে জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ও যুগ্ম সচিব এসএম আসাদুজ্জমানও উপস্থিত ছিলেন।
