Home আলোচিত আমার মুখ থাকবে না: ইলিয়াস কাঞ্চন

আমার মুখ থাকবে না: ইলিয়াস কাঞ্চন

0
339

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এর ফলাফলে সভাপতি পদে জয়লাভ করেন ইলিয়াস কাঞ্চন। সভাপতি হওয়ার পর অতিথি হয়ে এক অনুষ্ঠানে যান তিনি। সেখানে বলেন, ‘যদি প্রযোজকদের ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমার মুখ থাকবে না।’

গতকাল শনিবার রাতে রাজধানী একটি পাঁচতারা হোটেলে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের একসময়ের নামীদামি প্রযোজকেরা সিনেমা ছেড়ে চলে গেছেন। শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি বলেছিলাম, আমরা সবাই মিলে এই জায়গাটাকে এগিয়ে নেব। এখন নির্বাচিত হয়েছি, এখন যদি সেই সব প্রযোজককে ফিরিয়ে আনতে না পারি, অন্তত একটি করে সিনেমাও যদি তাঁরা তৈরি না করেন, তাহলে আমার মুখ থাকবে না। অনন্য মামুন একজন পরিচালক, প্রযোজক। আমি চাইব, এই অনুষ্ঠানে অন্তত একটি নতুন সিনেমার ঘোষণা দেবেন তিনি।’

অনন্য মামুনের পরিচালনায় ‘মায়ায় বেঁধেছ’ শিরোনামে একটি মিউজিক ভিডিওর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব ও প্রযোজক সমিতির সাবেক নেতা কামাল মোহাম্মদ কিবরিয়া। এ ছাড়া আরও ছিলেন ‘মায়ায় বেঁধেছ’ গানের শিল্পী পর্না, মডেল ইমন ও সাবরিনা রিমা।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশে নতুন নতুন তারকাদের যেভাবে সিনেমায় উপস্থাপন করা হয়, তারা কিন্তু হারিয়ে যান না। সেভাবেই আমাদের চলচ্চিত্রে নতুনদের নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের ভালো ভালো শিল্পী তৈরি হবে, তৈরি হবে ভালো চলচ্চিত্র।’

ইলিয়াস কাঞ্চনের আহ্বানে সাড়া দিয়ে অনন্য মামুন বলেন, ‘এই প্রযোজনা প্রতিষ্ঠানটি একেবারেই নতুন। এই ভালোবাসা দিবসে গানের ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ মোট তিনটি কনটেন্ট নিয়ে যাত্রা শুরু করছে। শিগগিরই তিন ছবির ঘোষণা আসবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here