মিউজিক ভিডিওর মডেল ও নায়ক পরিচয় ছাপিয়ে হিরো আলম এখন পুরোদস্তুর ‘গায়ক’। আলোচিত সব ইস্যু ও দিবসকে কেন্দ্র করে গান গেয়ে চলেছেন হিরো আলম।
কোনো আলোচনা বা সমালোচনা গায়ে মাখছেন না তিনি। অনেকটা পাত্তা না দিয়েই নিজের সংগীত ক্যারিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছেন হিরো আলম। এবার ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।
এবার তিনি কণ্ঠে তুললেন হলিউডের জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার গান। গানের শিরোনাম- ‘মাই হার্ট উইল গো অন’। এর সঙ্গীতায়োজন করেছেন মোমো রহমান। আকাশ নিবিড়ের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম এবং নুসরাত।
নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমা গানগুলো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে। ’
এর আগে বর্তমান সময়ের ভাইরাল ‘পুষ্পা’ গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে তাকে সাইকেল কাঁধে নিয়ে অভিনয় করতে দেখা গেছে।
