জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণ আক্তারের আবেদনের ওপর আপিল বিভাগের শুনানি আজ হয়নি। রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
আজ শুনানি হওয়ার কথা থাকলেও বিচারক তা এক দিন পিছিয়ে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে ধার্য করেছেন।
রবিবার আদালতে নিপুণ আক্তারের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট রোকনউদ্দিন মাহমুদ ও অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান খান।
জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করীম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী।
এদিকে আগামীকাল ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। এদিনে কোর্টের বারান্দায় যাওয়াটা কষ্টের বলে জানিয়েছেন জায়েদ খান।
রোববার (১৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এই চিত্রনায়ক বলেন, নির্বাচিত হয়েও ভালোবাসা দিবসের দিন কোর্টে থাকতে হবে। এটা খুবই দুঃখজনক। এটি আমার জন্য খুব খারাপ অভিজ্ঞতা।
এ অন্যায়ের অবসান চান ভালোবাসা দিবসে এমনই প্রত্যাশা চিত্রনায়ক জায়েদ খানের।
