পুলিশের চাকরি থেকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ইন্সপেক্টর ও অভিনেতা ডি এ তায়েব রিটায়ারমেন্ট পিটিশন দাখিল করেছেন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে ডি এ তায়েব নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ডি এ তায়েব বলেন, পুলিশে দীর্ঘ ২৫ বছর চাকরি করেছেন তিনি। এখন দায়িত্ব বেড়ে যাওয়ায় একইসঙ্গে পুলিশ ও মিডিয়ায় সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে। মিডিয়ার কাজে সময় দেওয়ার জন্য তিনি অবসরে যেতে চান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডি এ তায়েব ব্যক্তিগত কারণে জানুয়ারিতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য চিঠি দিয়েছেন।’
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ায় তিনি স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন বর্জন করেছিলেন অভিনেতা ডিএ তায়েব। তিনি কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ-সভাপতি প্রার্থী ছিলেন।
