চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিতর্ক যেন থামছেই না। সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে আইনি লড়াই। এরই মধ্যে অভিনেত্রী রোজিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার একই প্যানেল থেকে নির্বাচিত সহ-সভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান এই নায়ক।
এ বিষয়ে কী ভাবছেন রিয়াজ? সেটা জানার জন্য যোগাযোগ করা হয় তার সঙ্গে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘রুবেল ভাই একজন গুণী মানুষ, আমার পরম শ্রদ্ধেয় মানুষ। শিল্পীরা ওনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি চাই, তিনিই দায়িত্বে থাকুক।’
কারো ছেড়ে যাওয়া পদে আগ্রহ নেই জানিয়ে রিয়াজ বলেন, ‘এটা রুবেল ভাইয়ের চাওয়া, আমি এটাকে সম্মান জানাচ্ছি। তবে আমি আসলে কারো ছেড়ে দেওয়া পদে আগ্রহী নই। শিল্পীদের জন্য কাজ করতে পদের দরকার নেই। আমি আগেও শিল্পীদের জন্য কাজ করেছি, ভবিষ্যতেও করব।’
রুবেলকে তার পদে থাকার অনুরোধ জানিয়ে রিয়াজ বলেন, ‘রুবেল ভাই দীর্ঘদিন ধরে সমিতিতে দায়িত্ব পালন করেছেন। শিল্পীদের প্রতি তার দায়িত্ববোধ আছে। আমি তাকে অনুরোধ করব, যেন পদত্যাগ না করেন। এর মাধ্যমেই শিল্পীদের প্রতি, তাদের ভোটের প্রতি সম্মান জানানো হবে। কারণ তারা নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।’
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন চিত্রনায়ক রুবেল ও খলঅভিনেতা ডিপজল। তারা দু’জনই লড়েছেন মিশা-জায়েদ প্যানেল থেকে। তাদের বিপরীতে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ ও ডিএ তায়েব।
এই নির্বাচনে অন্যতম ফেভারিট প্রার্থী ছিলেন রিয়াজ। প্রচারণায়ও ছিলেন সরব। তবে শেষ পর্যন্ত জিততে পারেননি এই নায়ক।
আগের সংবাদ পড়ুন-
