এবার শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন রুবেল!

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কালজয়ী নায়িকা রোজিনার পর এবার মিশা-জায়েদ খানের প্যানেলের আরও এক সিনিয়র শিল্পী রুবেল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দুই দিনের মধ্যে পত্রটি তিনি শিল্পী সমিতি বরাবর পাঠাবেন। পদত্যাগের কারণ হিসেবে নিজের ব্যস্ততাকে তুলে ধরেছেন এই শিল্পী।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

রুবেল বলেন, ‌‌‌‘চলতি বছর আমার বেশ কিছু কাজ আছে। যেমন- আমি ওমরাহ পালনে যাব। এছাড়া সারাদেশব্যপী কারাতে প্রশিক্ষণ শেষ করাতে হবে। এতে সরকারি উদ্যোগ যুক্ত। প্রায় তিন শ’ উপজেলা কানেক্ট করবো। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাবে। এরমধ্যে সমিতিকে সময় দেওয়াটা আমার জন্য কঠিনই হবে।’

তিনি আরও বলেন, ‌‘যদি কোনও কাজই করতে পারলাম না কিন্তু একটা পদ আটকে রাখলাম- সেটা ঠিক হবে না।

পাশাপাশি এও জানিয়েছেন, নিজের এই জায়গায় দেখতে চান কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে!

তিনি বলেন, আমি আমার পদটি রিয়াজের জন্য ছেড়ে যেতে চাই। তার সঙ্গেও ব্যক্তিগতভাবে আমার খুব ভালো সম্পর্ক। আমার ছোট ভাইয়ের মতো। আর সে কিন্তু প্রধানমন্ত্রীর বেশ কিছু সফরের সঙ্গী ছিল। সে যদি এ পদে আসে তাহলে আমাদের চলচ্চিত্রের জন্য সুখবরগুলো আসবে। ইলিয়াস কাঞ্চন ভাই আছেন। সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলে ভালো কিছু হবে।’

রুবেল মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের হয়ে সহ-সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন। একই পদে পরাজিত প্রার্থী রিয়াজ। এবারের নির্বাচনে এই নায়ক তুমুল আলোচনায় আসেন ভোটবঞ্চিত শতাধিক শিল্পীর পক্ষে কথা বলে ও কান্না করে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন অভিনেত্রী রোজনিনা।

ব্যক্তিগত কারণ দেখিয়েই শিল্পী সমিতি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। রোজিনা বলেন, ‘আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি। তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

সপ্তাহ দুয়েক আগে অনুষ্ঠিত শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের কার্যকরী সদস্য পদে প্রার্থী হন রোজিনা। ভোট শেষে জিতেও যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *