Home আলোচিত এফডিসিতে মিষ্টিমুখ করিয়ে বরণ করা হলো নিপুণকে

এফডিসিতে মিষ্টিমুখ করিয়ে বরণ করা হলো নিপুণকে

0
365

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নাটকীয়তা চলছেই। সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর বুধবার স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। আগামী ১৩ ফেব্রুয়ারি এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে। ফলে আপাতত আর কেউ ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এমন অবস্থার মধ্যেও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণকে বরণ করে নিলো এফডিসির সবগুলো সংগঠন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শিল্পী সমিতির অফিসে এসে সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সবাই মিলে তাকে মিষ্টিমুখ করান। এসময় শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনও ফুল দিয়ে নিপুণকে গ্রহণ করেন।

এসময় নিপুণের সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, নির্বাচিত কার্যকরী সদস্য জেসমিন প্রমুখ।

এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকেই গ্রহণ করেছেন। এজন্য ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করিয়েছেন।

এদিকে সমিতির অফিসে গিয়ে দেখা যায়, শিল্পী সমিতির টেবিলে নিপুণ তার নেমপ্লেটও লাগিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে যান শিল্পী সমিতির নির্বাচিত সদস্যরা। পৌনে ১টার দিকে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর নিরবতা পালন ও দোয়া করেন।

এ সময় শিল্পীদের নেতৃত্বে ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময়ও কাঞ্চন-সাইমন-ইমনদের সঙ্গী ছিলেন নিপুণ। এছাড়া নির্বাচনে পরাজিত চিত্রনায়ক রিয়াজও ছিলেন তাদের সঙ্গে।

তবে জায়েদ খান প্যানেল থেকে বিজয়ী কোনও সদস্য সেখানে যাননি।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়লাভ করেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন নিপুণ। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচনের আপিল বোর্ড তার প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।

আপিল বোর্ডের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন জায়েদ খান। সেই রিটের পর নিপুণও দ্বারস্থ হয়েছেন আদালতের। এর প্রেক্ষিতে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেন আদালত। আগামী ১৩ ফেব্রুয়ারি এই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here