কী আছে এই চেয়ারে?, মুখ খুললেন চিত্রনায়িকা নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নাটকীয়তা চলছেই। সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর বুধবার স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে আপাতত আর কেউ ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এমন পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। জানান, তার চেয়ারে বসতে বাধা নেই। যেহেতু ১৩ ফেব্রুয়ারি শুনানি রয়েছে, তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এখনই চেয়ারে বসছেন না।

সাধারণ সম্পাদকের চেয়ারে এমন কী আছে, যার জন্য এত কিছু করছেন জায়েদ খান ও নিপুণ? এমন প্রশ্নের উত্তরে নিপুণ বলেন, ‘আমি তো এক দিন বসেছিলাম। আমি দেখেছি যে, এটা একটা রেগুলার চেয়ার। যে চেয়ারটা আমরাই কিনে নিয়ে এসেছি। চেয়ারের মধ্যে এমন কিছুই নেই।’

তিনি বলেন, ‘নিপুণ সাধারণ সম্পাদক পদে জয়ী, এ কথা এখন আপনারা বলতে পারেন। ১৩ তারিখে যেটা হবে সেটা হলো, যে রিটটি করা হয়েছে সেটা ফুল বেঞ্চ শুনবে। অর্থাৎ পাঁচজন বিচারপতি সেখানে উপস্থিত থেকে রিটের সব কথা শুনবেন এবং পরবর্তী আদেশ দেবেন।’

নিপুণ তার পদের ভোট রি-কাউন্টিং (পুনরায় গণন) এবং আচরণবিধি নিয়ে দুটি অভিযোগ করেছিলেন শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের কাছে।

জায়েদের দাবি ছিল, আপিল বোর্ড বিলুপ্ত হওয়ার পর নিপুণ বোর্ডের কাছে অভিযোগ করেছেন।

এ বিষয়ে নিপুণ বলেন, ‘আজকে (বুধবার) যদি সাংবাদিকরা আদালতে উপস্থিত থাকতে পারতেন তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যেত। শুনানি অনলাইনে হওয়ায় আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হচ্ছে না। ৪০ মিনিটের মতো কথা হয়েছে এবং সব বিষয় উঠে এসেছে আলোচনায়।’

এই চিত্রনায়িকা বলেন, ‘এখন সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে কোনো বাধা নেই, কিন্তু নিপুণ ফুল বেঞ্চের শুনানির জন্য অপেক্ষা করতে চান। আদালত যে রায় দেবেন, তিনি সেটাই মেনে নেবেন।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সভাপতি পদে জয়লাভ করেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে জয় পান জায়েদ খান। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন নিপুণ। সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচনের আপিল বোর্ড তার প্রার্থীতা বাতিল করে এবং নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করে।

আপিল বোর্ডের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন জায়েদ খান। সেই রিটের পর নিপুণও দ্বারস্থ হয়েছেন আদালতের। আগামী ১৩ ফেব্রুয়ারির পর জানা যাবে, শেষ পর্যন্ত কে বসবেন চেয়ারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *