এম.এ মুহিত, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারে চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রিসহ বিভিন্ন অভিযোগে এক বেকারি মালিককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজারের মোহাম্মদীয়া ফুড নামের ওই বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় এর স্বত্ত্বাধিকারি ধুলচাতল গ্রামের মৃত মোঃ আব্দুল জব্বারের ছেলে মোঃ আব্দুল কাদির (৩৩) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন। এসময় প্রসিকিউশন সহায়তা প্রদান করেন বিএসটিআই ইন্সপেক্টর পারভেজ আলম।
জানা যায়, চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, মূল্য তালিকা ও উৎপাদন মেয়াদ না থাকা, বিএসটিআইয়ের বা জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকা, স্বাস্থ্য কর্মকর্তা কর্তৃক স্বাস্থ্য প্রতিবেদন ছাড়া বেকারীতে কাজে নিয়োজিত কর্মচারীরা স্বাস্থ্য সূরক্ষায় কোন প্রকার গ্লাভস ব্যবহার না করা, পঁচা বাসী বিভিন্ন জিনিসের ব্যবহার, সর্বোপরি মানুষের জীবন বিপন্ন করে এমন খাদ্য দ্রব্য উৎপাদন ও বিক্রি ইত্যাদি অপরাধে এ দন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেয়া হয়।
নবীগঞ্জ উপজেলার নির্বাহি অফিসার শেখ মহি উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
