হাইকোর্টের আদেশ স্থগিত, আপাতত চেয়ারে বসবেন না জায়েদ-নিপুণ কেউই

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আগামী ১৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠিয়ে বুধবার (০৯ ফেব্রুয়ারি) এই আদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।

এদিন আদালত বলেন, ‘আজ হলো ৯ তারিখ। এ কয়দিন (১৩ ফেব্রুয়ারি পর্যন্ত) কিচ্ছু হবে না, কেউ ঢুকবে (সাধারণ সম্পাদক পদে) না। ’

এর ফলে ওই দিন পর্যন্ত শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে জায়েদ খান বা নাসরিন আক্তার নিপুণের কেউই বসতে পারবেন না।

আদালতে অভিনেত্রী নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

অন্যদিকে অভিনেতা জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও ব্যারিস্টার আহসানুল করিম। সঙ্গে ছিলেন নাহিদ সুলতানা যুথি।

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি আপিল করেন চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণ।

এর আগে ৭ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেয় বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

একই সঙ্গে বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করে আদালত।

পাশাপাশি আদালত আপিল বোর্ডের দুই সদস্য ও নিপুণকে নির্দেশ দিয়েছে, তারা যেন জায়েদ খানকে দায়িত্ব পালনে কোনো রকম বিরক্ত না করেন। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *