শিল্পী সমিতিতে কেউ সাধারণ সম্পাদক নন: আদালত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আপাতত আর কেউ ওই পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করে বুধবার (০৯ ফেব্রুয়ারি) আপিলের ফুল বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।  আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি হবে। ওই দিন পর্যন্ত জায়েদ-নিপুণ কেউ সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না।

আদালতে অভিনেত্রী নিপুণের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান।

অন্যদিকে অভিনেতা জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।

এর আগে সোমবার জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে গতকাল (মঙ্গলবার) জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন নিপুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *