আমার ক্যারিয়ারে কখনও এমন পরিস্থিতি দেখিনি: শাকিল খান

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান এখন আর অভিনয়ে নেই। তবে সিনেমা সংক্রান্ত কিছু আচার অনুষ্ঠানে তাকে দেখা যায়। সর্বশেষ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে হেরে গেছেন তিনি।

এদিকে নির্বাচন শেষ হলেও নাটকীয়তা যেন থামছেই না। নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি ছাড়িয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন আদালত।

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে জানতে চাইলে শাকিল খান বলেন, আমরা নিজেরাই এর সমাধান করতে পারতাম। আদালত অবধি যাওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। কেউ কি শিল্পীদের আমূল পরিবর্তন করতে পেরেছে? না, পারেনি। তাহলে কেন এই জিনিসগুলো করে শিল্পী সমাজটাকে ছোট করা হচ্ছে। আমার বহু বছরের ক্যারিয়ারে কখনও এ ধরনের নির্বাচন দেখিনি। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক যেই আসুক, আদতে তো তেমন লাভ-লস নেই।

আপনিও তো ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পক্ষে নির্বাচন করেছেন! শাকিল খান বলেন, আমার নির্বাচন করার ইচ্ছা ছিল না। কাঞ্চন ভাই বলাতে করেছি। এরকম পরিস্থিতি দাঁড়াবে জানলে নির্বাচন করতাম না।

আপনার চাওয়া কী? এ নায়ক বলেন, শিল্পীদের চাওয়া কিন্তু একটাই। শান্তিপূর্ণ কাজের পরিবেশ। আমি সিনেমা ছেড়ে অনেক দিন হয়ে গেছে। তবু এই ইন্ডাস্ট্রির প্রতি মায়া আছে, থাকবে। ভালো চাই এখানকার। যে জিনিসটি আমরা আশা করি, নতুন প্রজন্মের যারা আসবে তারা যেন সুন্দর পরিবেশে কাজ করতে পারে। এটাই চাওয়া। এটা মারামারি, সহিংসতা, রাজনীতির জায়গা নয়। এখানে তো কোটি কোটি টাকার খেলা নয়। শিল্পীদের একজন অভিভাবক দরকার। যে লোকটি সবার যত্ন নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *