করোনার কারণে গত দুই বছর ধরে সিনেমা ইন্ডাস্ট্রির বেহাল দশা। সেই ভগ্নদশা কাটিয়ে ভারতীয় সিনেমাকে জাগিয়ে তুলতে অসামান্য ভূমিকা রেখেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। তেলেগু ইন্ডাস্ট্রির এই সিনেমা মুক্তি পেয়েছে হিন্দিসহ পাঁচটি ভাষায়। আর ঝড় তুলেছে বক্স অফিসে।
কেবল আয়ের দিক দিয়ে নয়, ‘পুষ্পা’র গানগুলোও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। ‘ও আন্টাভা’, ‘শ্রীভাল্লি’ কিংবা ‘সামি সামি’ গানগুলো ইন্টারনেট দুনিয়ার নয়া সেনসেশন। অসংখ্য দর্শক গানগুলো গেয়ে কিংবা এগুলোর তালে নেচে ভিডিও প্রকাশ করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি- কেউই বাদ যাচ্ছেন না এই ট্রেন্ড থেকে।
সেই জোয়ারে এবার গা ভাসিয়ে পুষ্পার গানে কোমর দুলিয়ে ঝড় তুললেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনির সঙ্গে ‘সামি সামি’ গানের তালে নাচের স্টেপ দেন তিনি। সেই নাচ এখন নেট দুনিয়ায় উত্তাল। নাচের ভিডিওটি তানজিল ক্রিয়েশন গ্রুমিং স্কুলের ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘তানজিল ক্রিয়েশন গ্রুমিং স্কুল’-এ ব্রাইডাল শুট করেন দিঘি। সেখানেই জনপ্রিয় একাধিক গানের তালে নাচেন তানজিল জনি ও দিঘি। এর মধ্যে ‘পুষ্পা’ সিনেমার আলোচিত ‘সামি সামি’ গানের তালে নাচের ভিডিওটির ভিউ ৬৬ হাজার ছাড়িয়েছে। ভিডিওটি ১৪ ঘণ্টা আগে আপলোড করা হয়েছে।
