শাহরুখের পাশে দাঁড়িয়ে সমালোচকদের একহাত নিলেন তসলিমা

প্রয়াত কিংবদন্তি লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তাঁর জন্য ‘দোয়া’ করেছিলেন শাহরুখ খান। তাতেই নেটদুনিয়ার একাংশের সমালোচনার পাত্র হতে হয়েছে ‘কিং খান’কে।

নিন্দুকদের একহাত নিয়ে অনেকে আবার তাঁর পাশেও দাঁড়িয়েছেন। শাহরুখের সমর্থনে আগেই মুখ খুলেছেন উর্মিলা মাতন্ডকর, সঞ্জয় রাউতের মতো ব্যক্তিত্বরা। এবার তাঁর পাশে এসে দাঁড়ালেন তসলিমা নাসরিন।

গত রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে হয় সংগীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য। শিল্পীকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন শাহরুখ। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। সেখানেই প্রয়াত কিংবদন্তির মরদেহের সামনে দাঁড়িয়ে ‘দোয়া’ করেন শাহরুখ। তারপর মাস্ক নামিয়ে ফুঁ দিতে দেখা যায় তাঁকে। শাহরুখের এই কাজের প্রশংসা করেন অনেকে। কিন্তু কেউ কেউ তারকার বিরুদ্ধে থুতু ছেটানোর অভিযোগ আনেন।

এই অভিযোগের জবাব দিয়েই তসলিমা লেখেন, “শাহরুখ খান থুতু ছেটাননি, তিনি দোয়া করার পর ফুঁ দিয়েছিলেন। মুসলিমরা এটা শুভ কামনার জন্য করে থাকেন। মুসলিমরা হিন্দুদের জন্য প্রার্থনা করেন, হিন্দুরা মুসলিমদের জন্য প্রার্থনা করেন। মিশ্র সমাজে বেঁচে থাকার এ এক মানবিক প্রক্রিয়া।”

এর পরে নিজের টুইটের স্ক্রিনশট শেয়ার করেন তসলিমা। তাতে শাহরুখের ছবি শেয়ার করে বাংলাদেশি লেখিকা লেখেন, “এই ভারতবর্ষকে ভালবাসি।” পরে সেটি আবার ফেসবুকে শেয়ার করে লেখেন, “বাংলাদেশেও এমন দৃশ্য দেখতে চাই।”

প্রসঙ্গত, লতা মঙ্গেশকর ভারতীয় সিনেমার কিংবদন্তি সংগীতশিল্পী। দেশটির ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল গায়িকা তিনি। ১৯৪২ সালে ১৩ বছর বয়সে তার গানের ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন ৩০ হাজারের বেশি গান। তার কণ্ঠে সুর পেয়েছে বিভিন্ন ভাষা। বরেণ্য এই শিল্পী ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’ পদকে ভূষিত হয়েছেন। এ ছাড়া দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সব প্রাপ্তিই যুক্ত হয়েছে তার ঝুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *