প্রতিনিয়ত ভাঙনের বিপরীতে ঢালিউডে সুখী দম্পতির নাম মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। যাদের একজন বিখ্যাত পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী।
ঢালিউডের এই জুটির নবম বিয়েবার্ষিকীতে তিশা বলেছিলেন, ‘আমাদের প্রেম করে বিয়ে। তাও সুপার প্রেম। আর ভালো লাগার শুরুটা হয়েছিল একটু অন্যরকমভাবে। ওর (ফারুকী) ব্রেকআপ হয়েছিল। আমি গিয়েছিলাম সান্ত্বনা দিতে। ব্যাস, প্রেম হয়ে গেল।’
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত পারাপার টেলিফিল্মে অভিনয়ের সূত্রে তিশার সঙ্গে পরিচয়। এরপর সিক্সটি নাইন নাটক থেকে তাদের বন্ধুত্ব, প্রেম। সে প্রেম থেকে বিয়ে, সংসার।
পাঁচ বছরের প্রেম। কিন্তু কে কাকে প্রথম প্রপোজ করেছিল? কীভাবে? ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে বা মনের কথা প্রিয় মানুষের কাছে বলার দিনটি উপলক্ষে মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সে কথাই জানতে চাওয়া হয় এ দম্পতির কাছে।
তিশা সংবাদমাধ্যমকে জানান, মোস্তফা সরয়ার ফারুকী সরাসরি প্রেমের কথা বলতে পারতেন না। তবে ইনিয়ে-বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছেন ভালোবাসার কথা।
মজা করে তিশাকে বলতেন, ‘তোমার বড় বোন থাকলে তাকে আমি অবশ্যই বিয়ে করতাম।’ কখনও কখনও এই বলে তিশাকে বোঝানোর চেষ্টা করেছেন যে ‘তোমার মতো মেয়ের ফটোকপি চেহারা পেলে বিয়ে করতাম।’
তিশাও এক কাঠি সরেস, বলেন, ‘বুঝে ফেলেছিলাম ডিরেক্টর সাহেবের মনের কথা। চাচ্ছিলাম ফারুকী আমাকে মুখ ফুটে বলুক।’ তিশা জানান, প্রেমের সময় ‘তোমাকে ভালোবাসি’ কথাটা কখনোই বলতে পারেননি ফারুকী।
তিশা বলেন, ‘আমি অপেক্ষা করছিলাম ওপাশ থেকে সরাসরি প্রস্তাবটা কখন আসে।’
তবে ফারুকী-তিশার প্রেম শুরুর আগেই কাণ্ড ঘটিয়ে ফেলেন ফারুকী। প্রেমের প্রস্তাব না দিয়ে তিশাকে দিয়ে বসেন বিয়ের প্রস্তাব।
তিশা বলেন, “আমি বুঝতে পারছি ফারুকী কী বলতে চায়, কিন্তু আমিও কিছু বলছি না, ফারুকীও আমাকে পরিষ্কার করে কিছু বলছে না। এমন সময় হঠাৎ করে ফারকী বলে বসল, ‘এই মেয়ে আমি তোমাকে বিয়ে করতে চাই। করবা?’ আমি এ কথা শুনে কয়েক সেকেন্ড চুপ ছিলাম।”
বিয়ের প্রস্তাব দেয়ার পরও কয়েক বছর আটকে ছিল তিশা-ফারুকীর বিয়ে। আর এ সময়টা প্রেম করেছেন এ জুটি। তবে ‘আমি তোমাকে ভালোবাসি’ না বলেও যে প্রেম হয়ে যায়, তার উদাহরণ তিশা-ফারুকী।
উল্লেখ্য, ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। তাদের ১১ বছরের সংসার জীবনে প্রথম সন্তান ইলহাম নুসরাত ফারুকী। চলতি বছরের ৫ জানুয়ারি রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীয় একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিশা।
