টানা দুই মেয়াদে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। তার বিরুদ্ধে আলোচনা-সমালোচনা শেষ নেই।
এবারের নির্বাচনেও একই পদে নির্বাচিত হয়ে হ্যাট্রিক করেছেন জায়েদ খান। যদিও সাধারণ সম্পাদক পদে জয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন আদালত।
এমন পরিস্থিতিতে ফের নায়ক জায়েদ খানের সামনে এসেছে আড়ালে আবডালে ঘুরতে থাকা প্রশ্ন। ‘তিনি নাকি এমন একজন নায়ক, যার নাকি কোনো ভক্ত নেই’। যদিও বিষয়টি নিয়ে সম্প্রতি উচিৎ জবাব দিয়েছেন এ নায়ক। তবুও সমালোচকরা যেন থামছে না।
এবার জায়েদ খানের বিষয়ে কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমও।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, জায়েদ খানকে আমি ব্যক্তিগত ভাবে তেমন চিনিনা। উনি বড় মানুষ। আমার সাথে তিনি কি কারনে কেন বিরোধ তৈরি করেছেন তিনি ভালো জানেন। আমি মনে করি জায়েদ খান আমার যোগ্য না। তার থেকে আমার ভ্ক্ত অনেক বেশি। আমি তাকে আমার সমতুল্য মনে করি না।
হিরো আলম বলেন, ‘সাধারণ জনগণ আমাকে গ্রহণ করছে, তারা আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে। মিডিয়ার কে কি বলল সেটা দেখার বিষয় না। আমি জনগণের হিরো।’
তিনি বলেন, ‘মিডিয়ার কিছু ব্যক্তি আছে যারা আমাকে দেখতে পারে না, তারাই আমাকে নিয়ে ফেসবুকে খারাপ মন্তব্য করে। এছাড়া জায়েদ খানের কিছু লোকজন আমাকে গালিগালাজ করে।’
ডিস ব্যবসায়ী থেকে আলোচনায় আসা আলম বলেন, যারা আমাকে নিয়ে মজা, ঠাট্টা করেন আমি তাদেরকে বলবো, দেখুন আমাকে নিয়ে কিছু বলার আগে আমার সম্পর্কে জানুন। আমি গরীর ঘরের ছেলে। লেখাপড়া জানিনা। আপনারা শিক্ষিত ও ভালো পরিবারের সন্তান। আমাকে নিয়ে কেন আপনারা হাসি-ঠাট্টা করবেন। আমি আপনাদের ভালোবাসা পেয়েছি বলেই এখানে আসতে পেরেছি।
