ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এক প্যাকেট সিগারেট দাবি, অতঃপর…

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুরে ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসদরের নতুন বাইপাস এলাকায় মা মিষ্টান্ন ভান্ডার দোকান থেকে তাকে স্থানীয়রা আটক করেন।

আটককৃত নাটোর উপজেলার বড়হরিশপুর গ্রামের অজয় সরকারের ছেলে অসীম সরকার বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, মির্জাপুর নতুন বাইপাস এলাকায় মা মিষ্টান্ন ভান্ডার দোকানে এসে ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে অভিযানে এসেছেন বলে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নানা অভিযোগের কথা বলে দোকানিকে জরিমানার ভয়ভীতি দেখায়। একপর্যায়ে দোকানির কাছে প্রথমে টাকা ও পরে এক প্যাকেট বেনসন সিগারেট দাবি করেন।

টাকা ও সিগারেট চাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে মির্জাপুরের স্থানীয় এসিল্যান্ডকে খবর দেয়। পরে সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন হাজির হয়ে ওই ব্যক্তির পরিচয় জিজ্ঞাস করেন এবং আইডি কার্ড দেখাতে বললে সে ভুয়া ম্যাজিস্ট্রেট বলে স্বীকার করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দেয়া ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সকল তথ্য ভুয়া হওয়ায় তাকে আটক করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *