বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ পুরো কমিটিকে অভিনন্দন জানালেন ঢাকাই সিনেমা শীর্ষ চিত্রনায়ক ও শিল্পী সমিতির সাবেক সভাপতি শাকিব খান।
রোববার বিকালে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নিয়েছেন কাঞ্চন-নিপুণ; নিজের ফেইসবুক পেইজে তাদের ছবি পোস্ট করে যুক্তরাষ্ট্র থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব।
এ চিত্রনায়ক লিখেছেন, “আশা করি, নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বাকি সবাই মিলে শিল্পী ও চলচ্চিত্রের শিল্পের স্বার্থে সঠিকভাবে কাজ করবেন।”
এর আগে শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
২০১৭ অনুষ্ঠিত এই সমিতির নির্বাচনে মিশা সওদাগররের কাছে হেরে যান শাকিব খান। এরপর মিশা সওদাগরও পরপর দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হন। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ভোটে ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেলে সভাপতি পদে তার হ্যাটট্রিক জয় হয়নি।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করিয়েছেন মিশা সওদাগর। এরপর নিয়ম অনুযায়ী সমিতির অন্যান্য নির্বাচিত নেতাদের শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিতরা।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের ঘোষিত ফলাফলে ২১টি পদে মিশা-জায়েদ প্যানেল থেকে ১১ জন বিজয়ী হন। অন্যদিকে ১০ জন জয় পায় ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে।
তবে এর পরপরই ফলাফল না মেনে প্রথমে এই ভোটের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেন নিপুন। তাতেও ফলাফল পরিবর্তন হয়নি। পরে আপিল বোর্ডে অভিযোগ করলে শনিবার (৫ ফেব্রুয়ারি) জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। আর সাধারণ সম্পাদকের পদে জয় পান নিপুন।
পাশাপাশি সদস্য পদে জয় পাওয়া চুন্নুর প্রার্থিতাও বাতিল ঘোষণা করা হয়। তিনিও মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছিল। তার স্থলে জয়ী ঘোষণা করা নাদের খানকে। তিনি ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন।
তবে জায়েদ খান দাবি করেছেন, তিনিই সাধারণ সম্পাদক।
এদিকে প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
সোমবার (৭ ফেব্রুয়ারি) তার আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
