নতুন নেতৃত্ব পেল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) এফডিসির উন্মুক্ত প্রাঙ্গণে নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি মিশা সওদাগর। দায়িত্ব বুঝে নেওয়ার পর বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন বিভিন্ন পদে নির্বাচিত অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্জল মুখে ক্যামেরাবন্দি হন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়ক জায়েদ খান।
তিনি বলেন, ‘অবৈধভাবে নির্বাচিত সাধারণ সম্পাদককে যেন শপথ না করানো হয় এ জন্য আমি সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে আজকেও আইনি নোটিশ পাঠিয়েছে। তারা কেউ-ই আইন মানছেন না। সোহানুর রহমান সোহান ও মোহাম্মদ হোসেনকে নিয়ে নিপুণ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাতে বনানীর একটি রেস্তোরাঁয় এই নীলনকশা তৈরি করেন। ওদের গোপন সেই তথ্য আমার কাছে আছে। আইনের কাছে এই নীলনকশা টিকতে পারবে না। এখন আমার একটাই পথ, আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়া।’
জায়েদ নিজেকে এখনও সাধারণ সম্পাদক দাবি করে বলেন, ‘আমি এখনও সাধারণ সদস্যদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। গায়ের জোরে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ। ১৭৬ জন ভোটার আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এর সম্মান আমাকে রাখতেই হবে।’
প্রসঙ্গত, আজ (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৪০ মিনিটে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) খোলা প্রাঙ্গণে হয় সমিতির নবনির্বাচিতদের শপথ অনুষ্ঠান। এটাকে বয়কট করে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের বিজয়ীরা।
আসেননি ডিপজল, রুবেল, মৌসুমীসহ অন্যরা। তবে এতে চমক সৃষ্টি করে হাজির হয়েছিলেন সেই প্যানেলের প্রধান মিশা। সাবেক সভাপতি হিসেবে তিনিই নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পড়ান। পরে ইলিয়াস কাঞ্চন সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির ২০ জনকে শপথ করান।
