রাতে শীত আরও বাড়বে, ছড়িয়ে পড়তে পারে শৈত্যপ্রবাহ

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কমে গেছে তাপমাত্রা। নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাগুলো এবং চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের আরও এলাকায় শৈত্যপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে আবহাওয়াবিদ আব্দুল হামিল বলেন, ‘কিছু কিছু এলাকায় বিশেষ করে উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা। অন্য এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। নীলফামারী,পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলাগুলো এবং সীতাকুণ্ড উপজেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।

এদিকে রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে তেতুলিয়ায় ৬ দশমিক ৯, যা গতকাল ছিল ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানকার তাপমাত্রা কমেছে প্রায় ৫ ডিগ্রি।

এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে শনিবার ঢাকায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ২, আজ তা ২ ডিগ্রি কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। একইভাবে ময়মনসিংহে ছিল ১৫ দশমিক ৪, আজ তা ৪ ডিগ্রি কমে ১১ দশমিক ৩, চট্টগ্রামে ছিল ১৭, আজ ২ ডিগ্রি কমে ১৫, সিলেটে ছিল ১৫, আজ প্রায় ৫ ডিগ্রি কমে ১০ দশমিক ২, রাজশাহীতে ছিল ১১ দশমিক ৬, আজ ১ ডিগ্রি কমে ১০ দশমিক ১, রংপুরে ছিল ১২ দশমিক ৮, আজ ২ ডিগ্রি কমে ১০ দশমিক ২, খুলনায় ছিল ১৪ দশমিক ৮, আজ তা ২ ডিগ্রি কমে ১২ এবং বরিশালে ছিল ১৪ দশমিক ৭, আজ ৪ ডিগ্রি কমে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *