আমি শাড়ি পরে কতটা দৌড়াতে পারি বিশ্বের মানুষ দেখেছে: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। ওই বছরের ১১ মে সভাপতি পদে ক্ষমতায় বসেন নায়করাজ রাজ্জাক। সাধারণ সম্পাদক নির্বাচিত হন খল অভিনেতা আহমেদ শরীফ। সেই থেকে আজ অবধি পুরুষরাই এই সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

৩৮ বছরের ইতিহাসে এই প্রথমবার নারী সেক্রেটারি পেলেন চলচ্চিত্র শিল্পীরা। দুই বছরের জন্য এই পদে জয়ী হলেন অভিনেত্রী নিপুণ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচিত জায়েদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ পেয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে জয়ী ঘোষণা করে আপিল বোর্ড। আজ রোববার বিকেলে শপথ নেবে নতুন কমিটি।

নানা নাটকীয়তার পর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার অনুভূতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে নিপুণ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে।

প্রশ্ন: কেমন লাগছে?

নিপুণ: আমার ধারণার বাইরে ছিল যে মানুষ আমাকে এত ভালোবাসে। কদিন ধরে নির্বাচনে অনিয়মের নানা প্রমাণ নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। সবার সাড়া দেখে বুঝতে পেরেছিলাম, জয় আমার হবেই। প্রত্যাশিত জয় এসেছে, আমি খুশি। গত সাতটি দিন আমার কীভাবে যে গেছে, আমি জানি না। মনে হয়েছে, সত্যের জয় হয়েছে।

প্রশ্ন: এই নির্বাচন ঘিরে চলচ্চিত্রের ভেতর-বাইরের অনেকে আপনাকে একজন যোদ্ধা আখ্যায়িত করেছেন, শুনেছেন?

নিপুণ: শুনেছি। আমি সবার কাছে কৃতজ্ঞ। এ জন্য সবাইকে ধন্যবাদ। এই মানুষেরা যদি আজ আমার পাশে না থাকতেন, তাহলে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। কারণ, আমি পরাজিত হওয়ার পর বারবার এই মানুষগুলো আমাকে সাহস জুগিয়েছেন, সামনে যেতে সাহায্য করেছেন। তাঁরা বলেছেন, ‘আপনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান, আমরা আপনার সঙ্গে আছি।’

প্রশ্ন: এই নির্বাচনে আপনি বিজয়ী হবেন, সেটা কি আগে থেকেই জানতেন?

নিপুণ: শতভাগ নিশ্চিত ছিলাম,কিন্তু অনিয়ম করে সেটা উল্টে দেওয়া হয়েছিল। আমি যে কাজটি করেছি, সততার সঙ্গে করেছি। আমি কোনো চেয়ার চাই না, এখানে একটা পরিবর্তন চেয়েছি। আমি এ-ও বলতে শুনেছি, নিপুণ একজন মেয়ে, শিল্পীদের কেউ মারা গেলে লাশ বহন করবেন কীভাবে? রিয়াজ ভাই এ কথার জবাব দিয়েছিলেন। বলেছিলেন, নিপুণের ১৫ জন ভাই আছেন তাঁরা লাশ বহন করবেন। আমি একজন মেয়ে, সেটা ঠিক আছে। মেয়ে হয়ে শাড়ি পরে আমি কতটা কাজ করতে পারি, দৌড়াতে পারি, এই কদিনে সেটা সারা বাংলাদেশ, এমনকি সারা বিশ্বের বাঙালিরা দেখেছে।

প্রশ্ন: জায়েদ খানের তো মামলা করার সুযোগ আছে?

নিপুণ: মামলা করার অধিকার দেশের প্রতিটা নাগরিকের আছে। মামলা করলে আমরা লড়ার জন্য প্রস্তুত আছি।

প্রশ্ন: শিল্পী সমিতির জন্য কী কী করবেন?

নিপুণ: আমি দীর্ঘদিন ধরে এফডিসির শিল্পীদের সঙ্গেই আছি। তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। শিল্পীদের উন্নয়নে কাজ করে যাব। নির্বাচনের আগে যেটা বলেছিলাম, এখনো সেটাই বলছি, এফডিসিতে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আসা আমার প্রথম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *