ঢালিউডের তারকারা একে অপরের সাথে দেখা হলে কুশল বিনিময়ে অভ্যস্ত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের প্রশংসা করে পোস্ট দেওয়া তেমন একটা চোখে পড়ে না। তবে সময় বদলাচ্ছে। আগের সেই ভাবধারা থেকে বেরিয়ে আসছেন তারকারা। সেই জায়গা থেকে এগিয়ে আছেন সুপার স্টার শাকিব খান।
ঢালিউড তারকা আরিফিন শুভর জন্মদিন ছিল গতকাল। ১৯৮২ সালের ২ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মদিনে আরিফিন শুভকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান।
শাকিব খানের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের ফেসবুক পেইজ থেকে শুভকে শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করা হয়। শুভকে সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভ কামনা জানানো হয়েছে পোস্টে।
লেখা হয়েছে, ‘আরিফিন শুভ জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। সামনে এগিয়ে যাও ৷’
ফেসবুক পেইজটি শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের হলেও পোস্টটিতে ‘তোমাকে’, ‘এগিয়ে যাও’ এমন শব্দ ও বাক্য ব্যবহার করায় ধরে নেওয়া যায় শাকিব খানই শুভকে শুভেচ্ছা জানিয়েছেন।
শাকিব ও শুভ একসঙ্গে অভিনয়ও করেছেন৷ সাফিউদ্দিন সাফির ব্যবসাসফল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ করেছেন তাঁরা ৷
বাংলাদেশি চলচ্চিত্রের প্রথম সারির অভিনেতা আরিফিন শুভ। র্যাম্প মডেলিং দিয়ে অভিনয়জীবন শুরু করলেও এখন চলচ্চিত্রের চাহিদাসম্পন্ন অভিনেতা।
বিশেষ করে ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছেন চলচ্চিত্রে তিনি সাময়িক নন, একটা দীর্ঘ সময় প্রভাব রেখে যাবেন।
