মসজিদে মিলাদের তবারক খেয়ে অসুস্থ ২১ জন

নজর২৪, ভোলা- ভোলার মনপুরায় তিন মসজিদে মিলাদের তবারক খেয়ে অসুস্থ হয়ে শিশু, যুবক ও বৃদ্ধসহ ২১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

 

এদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক ডাঃ মশিউর রহমান। এছাড়াও কমপক্ষে ২০-২৫ জন রোগী স্থানীয়ভাবে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে একাধিক স্থানীয় বাসিন্দা জানিয়েছে।

 

হাসপাতালে ভর্তি হওয়া অসুস্থ্যরা হলেন, জালাল (৪০), আমির (১৬), নাহিদ (৫), নাছনাইন (১৩), বায়জিদ (২), মেহেদী (১১), তুহিন (২), শিহাব (১৫), আবু বক্কর (১৬), মামুন (১৪), সুমন (১৩), সোনিয়া (১৭), আবদুল্লাহ (১০), ঝর্না (২৫), তামান্না (১৭), ফাতেমা (৪), হোসেন (২১), সাব্বির (২), আজিজ (৪০), করিম (৪), আপপান (৩)।

 

এদের মধ্যে দুই বছরের শিশু বায়জিদের অবস্থা বেগতিক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের ৯নং ওয়ার্ডে।

 

জানা যায়, শুক্রবার রাত ১১টার থেকে শনিবার সকাল পর্যন্ত ওই রোগীদের বমিসহ পেট ব্যথা শুরু হলে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরআগে শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ৩টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের তিন মসজিদে মৃত এক নারীর নামে মিলাদ পড়ানো হয়। পরে তবারক হিসাবে আঙ্গুলী দেওয়া হয়।

 

হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মশিউর রহমান জানান, মিলাদের আঙ্গুলীতে ফুডপয়েজিং (খাদ্যে বিষক্রিয়ায়) সমস্যায় রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে। এর মধ্যে এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম মিয়া জানান, খবর পেয়ে রাতেই হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। পঁচা-বাসি খাবার যারা বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *