বিজিবির মারমুখী আচরণের প্রতিবাদে সীমান্তবাসীর মানববন্ধন

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্তবর্তী লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানীসহ বিজিবি’র মারমুখী আচরণের প্রতিবাদে একজন বীর মুক্তিযোদ্ধার নেতৃত্বে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কানীপাড়া এলাকায় এ মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই মানববন্ধন ও সংবাদ সম্মেলন থেকে সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম ও বড়খাতা বিজিবি ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলামের প্রত্যাহারের দাবী তুলেন সীমান্তবাসী।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খোকা ও স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম জানান, সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য বেশ কিছু দিন ধরে সীমান্তবাসীর সাথে মারমুখী আচারণ করে আসছে। গত ২৪ জানুয়ারী কোনো কারণ ছাড়াই ওই এলাকার তছলিম উদ্দিনের পুত্র হাফিজুল ইসলামকে ক্ষেত থেকে ধরে নিয়ে গিয়ে তার কাছে ভারতীয় মোবাইল সিম পাওয়া গেছে এমন অভিযোগে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

এ ঘটনার প্রতিবাদ করায় গত ২৯ জানুয়ারী বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী এলাকার একটি মাদকের মামলায় হাফিজুলের ছোট ভাই হাবিবুর রহমানকেও আসামী করেন। যার সাথে বাস্তবতার কোনো মিল নেই।

সীমান্তবাসীর অভিযোগ, সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম ও বড়খাতা ক্যাম্পের হাবিলদার শহিদুল ইসলামসহ কয়েকজন বিজিবি সদস্যের মারমুখী আচরণ ও মিথ্যা মামলা দায়েরসহ হয়রানীর ঘটনায় সীমান্তবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কারণে নায়েক সুবেদার মফিদুল ইসলাম ও হাবিলদার শহিদুল ইসলামের প্রত্যাহারের দাবী তুলেছেন স্থানীয়রা।

তবে এ বিষয়ে সিঙ্গিমারী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মফিদুল ইসলাম দাবী করেন তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা। সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *