মাঘের কনকনে ঠাণ্ডা দারুণ ভোগাচ্ছে নগরবাসীকে। এর মধ্যেই এলো ‘রক্তে রাঙানো’ ফেব্রুয়ারি। মহান ভাষার মাস শুরু হচ্ছে আজ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা বাংলাকে রক্ষায় ১৪৪ ধারা ভেঙে রাজপথে নামেন সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকরা। তাদের সাহসিকতা ও বুকের রক্তের বিনিময়ে সেদিন মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।
এটি শুধু ভাষার মর্যাদা রক্ষায় সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছিল জাতীয়তাবাদী প্রেরণা। আর সেই প্রেরণা নিয়ে বাঙালি এগিয়ে যায় স্বাধিকার আন্দোলনের দিকে, ছিনিয়ে আনে স্বাধীনতার লাল সূর্য।
শোকাবহ এ মাসের ও-পিঠে আছে গৌরব আর অহংকারের অধ্যায়। কারণ, গোটা বিশ্বে বাঙালিই একমাত্র জাতি, যারা মাতৃভাষার জন্য রক্ত দিয়েছে।
এই আত্মত্যাগ আন্তর্জাতিক স্বীকৃতি পায় ১৯৯৯ সালের ১৭ নভেম্বর। এদিন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। তারপর থেকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
গোটা ফেব্রুয়ারি মাসের প্রতীক হয়ে উঠেছে লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর লেখা ও আলতাফ মাহমুদের সুরারোপিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি। মাসজুড়ে এই গানটির মূর্চ্ছনায় বাঙালি স্মরণ করে সেই গৌরবোজ্জ্বল দিনটিকে, সম্মান জানায় ভাষা শহীদদের।
