রাতে শীত কমবে, নতুন তথ্য দিলো আবহাওয়া অফিস

দেশের একাধিক জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে চলমান পরিস্থিতি উন্নতির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ক্ষেত্রে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রাও। তবে দুই দিনে বৃষ্টির আভাসও রয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এই অবস্থায় মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এদিকে, সীতাকুন্ড অঞ্চলসহ গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, নওগা, যশোর, চুয়াভাঙ্গা ও বরিশাল জেলাসমূহ এবং রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় পশ্চিম উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

বুধবার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মোংলায়, ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৬ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *