ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও নায়ক বাপ্পী চৌধুরী চার বছর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র শুটিং করেছিলেন। তবে নানান কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। ফলে সিনেমায় অপু-বাপ্পীর প্রেমও দেখতে পারেননি দর্শক।
অবশেষে দুই তারকার ভক্তদের জন্য এলো সুখবর। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটি। যা প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
সিনেমাটি নিয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা এটি। তাই বিশেষভাবে স্মরণ করছি তাকে। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরণের সিনেমা দেখতে চায় এটি তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার সিনেমা। গত বছর ভালোবাসা দিবসে আমরা সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। আশা করছি দর্শক স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং সিনেমাটি উপভোগ করবেন।’
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী এবং সাদেক বাচ্চু ছাড়াও অভিনয় করেছেন আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এর মাধ্যমেই প্রথম একসঙ্গে কাজ করেন বাপ্পী ও অপু। যদিও এর পরে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘প্রিয় কমলা’তে এই জুটি অভিনয় করেন, যা ইতোমধ্যে প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে মুক্তি পেয়েছে।
বেঙ্গল মিডিয়া প্রযোজিত ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’-এর শুটিং শুরু থেকেই ছিলো আলোচনায়। এই ছবি করতে গিয়েই বাপ্পী-অপুকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায় চলচ্চিত্র পাড়ায়। তখনই চাউর হয়, তারা প্রেম করছেন!
কমেডি ও ফ্যামিলি ড্রামার ছবি ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ২’ রিয়াজ-শাবনূরের সুপারহিট ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ-এর দ্বিতীয় পরের কিস্তি নয়। নির্মাতা দেবাশীষ আগেই জানিয়েছেন, শ্বশুর বাড়ি জিন্দাবাদ নামটা দেশের সিনেমা প্রেমীদের কাছে ব্র্যান্ড। এজন্য তিনি তার নির্মিত আগের ছবির নামটা ব্যবহার করেছেন। সব প্রশ্নের উত্তর মিলবে ১১ ফেব্রুয়ারি।
